রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। ডিবির দাবি, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই লালবাগের জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ইটের সুরকির একটি বস্তার মধ্যে লাল কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম ডিসপোসাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
এরপর রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।
ডিবির উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, রায়হান উদ্দিন বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। এর আগে মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তির পর আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও দাবি করেন, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় এক অটোরিকশাচালক আহত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন