জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধিদল নিউইয়র্ক যাচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।
পররাষ্ট্রসচিব বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। পররাষ্ট্রসচিবের বক্তব্য অনুযায়ী, সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রীও রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামও সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
সানফ্রান্সিসকোতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব জানান, সেখানে একটি অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রতিনিধিদলের নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সফররত প্রতিনিধিদের নিরাপত্তার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন