চট্টগ্রামে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মায়ের ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরের যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে সদরঘাট থানা পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ট্রাকের হেলপার লোকমান হোসেন সাগর (২৭) ও গৃহপরিচারিকা সীমা আক্তারের একমাত্র সন্তান ফাতেমা আক্তার। তাদের বাসা নগরের পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকায়।
পুলিশ জানায়, শিশুটির মা সীমা আক্তারের অভিযোগ, তার স্বামী সাগর মাদকাসক্ত। শনিবার রাতে মাদক সেবনের জন্য তিনি স্ত্রীর কাছে টাকা চান। টাকা না দেওয়ায় সাগর শিশুটিকে বিক্রি করে দেওয়ার কথা বলে জোর করে বাসা থেকে নিয়ে বেরিয়ে যান বলে অভিযোগ করেন সীমা।
ওসি একরাম উল্লাহ বলেন, বাসা থেকে বের হওয়ার পর সাগর নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে সীমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সাগরের সর্বশেষ অবস্থান নগরের যুগী চাঁদ মসজিদ এলাকায় শনাক্ত করে।
পরে রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, যে বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেটি সাগরের খালাতো ভাইয়ের। সাগর সেখানে গিয়ে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানান। বিষয়টি বুঝতে পেরে তার খালাতো ভাই কৌশলে শিশুটিকে সাগরের কাছ থেকে নিয়ে নিজের হেফাজতে রাখেন।
তবে সন্তান উদ্ধারের পর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন