নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে যমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫)। অপর নিহত শিক্ষার্থী আবির (১৪) একই এলাকার আব্দুল আলিনের ছেলে।
তিনজনই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে চার বন্ধু বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে তাদের একজন নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও তীব্র স্রোতে বাকি তিনজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিনজনের মধ্যে যমজ ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টার দিকে আবিরের মরদেহও উদ্ধার করে ডুবুরি দল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন