নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে দুটি হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পর্বত বাগানের দীঘির পাড়ে অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা রাতে মন্দিরে প্রবেশ করে গণেশ পাগলের মন্দিরের একটি এবং রাধাকৃষ্ণ মন্দিরের রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দৈনিক বাংলার মুক্তাঙ্গন'কে জানান, দুটি প্রতিমাকে ভাঙা অবস্থায় মন্দিরে পাওয়া গেছে। কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন