কুমিল্লার দেবীদ্বারে নিজ মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে ও আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় তাকে বাধা দিতে গেলে তার ভাবিকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ায় মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন ওই বাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে। সোমবার সকালে কোনো এক সময় তিনি উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা নিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ। এরপর আট মাস বয়সী ভাতিজিকে মাটিতে আছড়ে হত্যা করা হয়।
এ সময় ইমনের ভাবি রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ শুরু করে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে তিনি পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন