পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।
ছুটির তারিখ পরিবর্তনের কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এক দিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
রোববার (২০ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ছুটির তারিখ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ফাতেহা-ই-ইয়াজদহমের পূর্বনির্ধারিত ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে গত ২০ মে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি নির্ধারণ করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ওই তালিকা আংশিক সংশোধন করা হয়েছে।
এদিকে ছুটির তারিখ পরিবর্তনের প্রভাব পড়েছে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সূচিতেও। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বঘোষিত সূচিতে ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু ওই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন