মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) সংঘর্ষে রাফিয়া আক্তার নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় তার মা-বোনসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদি গ্রামের মনির হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদারীপুর থেকে মাহিন্দ্রায় করে মা ও বোনের সঙ্গে টেকেরহাট বন্দরে ডাক্তার দেখাতে যাচ্ছিল রাফিয়া। পথে বৌলগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।
এতে রাফিয়াসহ মাহিন্দ্রার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা রাফিয়াকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মস্তফাপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত খান পরিবহনের বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন