জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে ওই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়। পোস্টটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় আসে।
ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসাইন লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন