সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআন বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৬তম আসর শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজ, তিলওয়াত ও অর্থ বিশ্লেষণের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার মক্কায় পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় এই আন্তর্জাতিক ইভেন্টটি শুরু হয়।
প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছেন। বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন নারী ও পুরুষ এই আয়োজনে অংশ নিচ্ছেন।
এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো মুসলিম তরুণ সমাজকে পবিত্র কোরআন চর্চা ও অনুধাবনে উৎসাহিত করা, একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা এবং কোরআনের সেবায় সৌদি আরবের ভূমিকাকে তুলে ধরা।
এবারই প্রথম নারী প্রতিযোগীদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে নারীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুরুষদের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে পবিত্র হারাম শরিফে (গ্র্যান্ড মসজিদ)।
মোট পাঁচটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এই আসরের ইতিহাসে সর্বাধিক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন