পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ব্র্যাক এজেন্ট ব্যাংকের ঈশ্বরদীর দাশুড়িয়া শাখায় মাঠকর্মী (সিডিএ) হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে দাশুড়িয়া মুনশিদপুর এলাকায় পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয়। পরে বাসটি তাকে কিছু দূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পাকশী হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন