আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে এর সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া’ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরোধিতা করে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য বা অন্য কোনো মার্কিন নাগরিককে এমন একটি আদালতের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেওয়া হবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই।
এ সময় আইসিসিকে ‘রোগ ইনস্টিটিউশন’ বা ‘বেপরোয়া প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, আদালটির সদস্য সব দেশকে অবিলম্বে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানো উচিত।
ট্রাম্পের ভাষায়, আইসিসি একটি ‘অ্যান্টি-আমেরিকান’ ট্রাইব্যুনাল, যা যুক্তরাষ্ট্রের ওপর কোনো এখতিয়ার রাখে না। তিনি আদালটির কর্মকর্তাদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুতর নৃশংসতার দিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ট্রান্সজেন্ডার-সংক্রান্ত নীতির সমালোচনায় বেশি গুরুত্ব দিচ্ছেন।
এ ছাড়া বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং রোম সংবিধিতে অনুমোদনও দেয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন