গত কয়েক দশকের মধ্যে প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন ‘পোলো’। মঙ্গলবার মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থান করার সময় এটি ক্যাটাগরি ৫-এর শক্তিশালী হারিকেনে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
মায়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ভেতরে পাঠানো ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) হারিকেন হান্টার বিমানের তথ্য অনুযায়ী, ‘পোলো’ বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। এর সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল বা প্রায় ২৮০ কিলোমিটার।
চলতি মৌসুমে জেনিভয়েল ও লয়েলের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটি তৃতীয় ক্যাটাগরি ৫ হারিকেন। স্যাফির-সিম্পসন হারিকেন স্কেলের সর্বোচ্চ স্তর ক্যাটাগরি ৫। এই শ্রেণির ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫৭ মাইল বা ২৫৩ কিলোমিটারের বেশি হয়ে থাকে।
মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকোর সিহুয়াতানেজো শহর থেকে প্রায় ২১৫ মাইল বা ৩৪৫ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওপর প্রায় স্থির অবস্থায় ছিল হারিকেন পোলো। এনএইচসির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ঝড়টি সাধারণত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে হারিকেন পোলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তাল সমুদ্রের ওপর ঘন কালো মেঘের কারণে উপকূলীয় এলাকাগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি এলাকায় সাময়িকভাবে স্কুল-কলেজও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আলবেনি বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস্টেন এল. করবোসিয়েরা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার ইতিহাসে হারিকেন পোলো অন্যতম শক্তিশালী ঝড়।
তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবাম তার সকালের প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী হারিকেনটির সরাসরি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম। তারপরও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মেক্সিকোর নৌবাহিনী গেরেরো ও মিচোয়াকান রাজ্যের কয়েকটি বন্দর বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ ও জেলেদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হারিকেন পোলোর প্রভাবে মেক্সিকোর কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। গেরেরো ও মিচোয়াকান রাজ্যে ৩ থেকে ৬ ইঞ্চি বা প্রায় ৮ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন