রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি ইবনে মিজান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন মোশতাক আহমেদ রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই দলের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন