২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে আগামী ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) ও ২৬ সেপ্টেম্বর (শনিবার) হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ সেপ্টেম্বর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।
এ ছাড়া নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা তার প্রতিনিধি অর্থ জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের কাছ থেকে অর্থ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন