বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতি বৈরী হয়ে উঠেছে। এর প্রভাবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। বুধবার সন্ধ্যায় দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম কিছুটা কমেছে এবং তাপমাত্রাও নিম্নমুখী হয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি কমে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন