পেটে তীব্র ক্ষুধা, কিন্তু খাবার কেনার মতো পকেটে ছিল না কোনো টাকা। এমন অসহায় অবস্থায় এক পথচারীর হাতে খাবারের প্যাকেট দেখে সেটিকে ভাতের প্যাকেট ভেবে ছিনিয়ে নেন নুর মোহাম্মদ নামের এক যুবক। পরে প্যাকেট খুলে ভেতরে মিষ্টি দেখতে পান তিনি। তবে ক্ষুধার তীব্র যন্ত্রণায় কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। এ ঘটনায় উপস্থিত লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আদালত তাকে ৫০ টাকা জরিমানা করেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশন এলাকায়। বুধবার (২৩ সেপ্টেম্বর) নুর মোহাম্মদকে যশোর সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক সঞ্জয় কুমার শুনানি শেষে তাকে ৫০ টাকা অর্থদণ্ড দেন।
নুর মোহাম্মদের বাড়ি নড়াইল জেলায়। তিনি যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করেন। আদালতে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল তার। কিন্তু পকেটে কোনো টাকা না থাকায় খাবার কেনারও সুযোগ ছিল না।
এ সময় স্টেশনে এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে নিয়ে যেতে দেখে সেটিকে ভাতের প্যাকেট মনে করেন নুর মোহাম্মদ। পরে তিনি সেটি ছিনিয়ে নেন। প্যাকেট খুলে ভেতরে ভাতের পরিবর্তে মিষ্টি দেখতে পান। কিন্তু ক্ষুধার তীব্রতায় নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন।
বিষয়টি দেখে আশপাশের লোকজন তাকে ধরে মারধর করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। পরদিন পুলিশ তাকে আদালতে হাজির করে। শুনানির সময় নুর মোহাম্মদ তার অভাব, ক্ষুধা ও ঘটনার বিস্তারিত আদালতের কাছে তুলে ধরেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও উপপরিদর্শক হেলালুজ্জামান জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে নুর মোহাম্মদ যখন তার অসহায়ত্বের কথা বলছিলেন, তখন আদালতে উপস্থিত এক ব্যক্তি মানবিক কারণে তাকে ১০০ টাকা দেন। ওই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে আইনি মুক্তি পান নুর মোহাম্মদ। বাকি ৫০ টাকা নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন