২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।
পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানিয়েছে।
চিঠিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ছুটির কারণে তা এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সময়সীমা ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন