সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। একই সময়ে নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও তাকে তখন স্থায়ী করা হয়নি। সে সময় তার বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়াকে স্থায়ী নিয়োগ না দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছিল। পরবর্তীতে বয়সের নির্ধারিত শর্ত পূরণ হওয়ায় তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দেবাশীষ রায় চৌধুরী। ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। তার শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন