মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি খালের জমি অবৈধ ড্রেজার দিয়ে ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভির বিরুদ্ধে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় নিয়মিত মামলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ও ভূমি অফিসের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। মামলার নম্বর ২১(৯)/২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকার রবি টাওয়ারের সামনে সরকারি খালের জমি ড্রেজার দিয়ে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের কর্মচারী সুজন ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করতে বলেন।
এ সময় নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা ভূমি অফিসের দুই কর্মচারী ও তাঁদের বহনকারী অটোরিকশার চালক সোহেলকে মারধর করে আহত করেন বলেও অভিযোগ করা হয়। পরবর্তী সময়ে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে তাঁদের খুন-জখমের হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা ড্রেজারটি বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মামলা হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন