প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি মিশনগুলো প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সার্বক্ষণিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার কাজও মিশনগুলো করছে।
ওমানে বাংলাদেশি কর্মীদের ভিসা বাতিলসহ বিভিন্ন দেশে প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এসব পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংঘাতের প্রভাব রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা তথ্য ও আলোচনা হচ্ছে। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও আলোচনা করেন এমন ব্যক্তিদের নিয়ে গোলটেবিল বৈঠক করা হবে। সেখানে সরকারের নেওয়া পদক্ষেপ, শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
তিনি তথ্য যাচাই না করে কোনো ধরনের বক্তব্য বা প্রচারণা না চালানোর আহ্বান জানান।
সিলেটের পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক ও চোরাচালানসহ দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সরকার কাজ করছে। জনগণকে সম্পৃক্ত ও সচেতন করে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে বর্তমান ও অতীতের পরিসংখ্যান তুলনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নকাজ শুরু হয়েছে। তবে বড় প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই, অর্থ বরাদ্দসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের তিনটি উপজেলাসহ সারাদেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করা হবে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন