শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ও পাবলিক পরীক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হচ্ছে না। পাবলিক পরীক্ষার সময় এড়িয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি কমিশন বিবেচনা করছে। আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি থেকে নির্বাচন শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, এর আগে সম্ভাব্য নির্বাচনের সময় নিয়ে একটি ধারণা দেওয়া হয়েছিল। পরে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এর পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমেও সময়সূচি পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে। তাই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ ছাড়া রমজান, ঈদ, পূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সব দিক পর্যালোচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় পেছানোর বিষয়ে সরকারের কোনো চাপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বাস্তবতা, আইন ও সংবিধানের বিষয়গুলো বিবেচনা করেই কমিশন নির্বাচনের সময়সূচি নির্ধারণ করছে।
এর আগে ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিল কমিশন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন