ঢাকার পল্টন মোড় থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট হয়ে বংশালের নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ওই সড়ক ও ফুটপাত পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় তিনি জানান, নির্ধারিত এলাকা ছাড়া এসব মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নগর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রশাসক বলেন, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। হকাররা স্বেচ্ছায় মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় নগরবাসীর জন্য সড়ক ও ফুটপাতে স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে চায় ডিএসসিসি।
তবে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত নির্দিষ্ট সংখ্যক হকার বসতে পারবেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরির কোনো সুযোগ নেই। নিয়মের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন ডিএসসিসির প্রশাসক এক ঘণ্টারও বেশি সময় উপস্থিত থেকে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম তদারকি করেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন