নোয়াখালীর সেনবাগ পৌরসভা গেট সংলগ্ন উত্তর সাহাপুর গ্রামের ওমর ফারুক প্রবাসীর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে একটি কনফেকশনারি, একটি ইলেকট্রিক দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন বাসিন্দা বালতি দিয়ে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শামীম, মিরন, ইব্রাহিম, অনিক, জাহিনসহ স্থানীয় আরও কয়েকজন আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—নুরুল হক (৫২), পিতা-মৃত রফিক উল্লাহর কনফেকশনারি দোকান; ওমর ফারুক (৩০), পিতা-জাহির মিয়ার ইলেকট্রিক দোকান এবং শাহজাহান মিয়া (৪০)-এর একটি দোকান।
এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশে একটি ফার্মেসি, মুদি দোকান, চায়ের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও দুটি গোডাউন থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের সূত্রপাতের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের পর বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন