ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নীতি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের অভ্যন্তরীণ বিষয় ও কাউন্সিলবিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জকার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জকার বলেন, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের ‘বৈধ অধিকার’ এবং এটি দেশটির মৌলিক অধিকারের অংশ।
তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে পারমাণবিক প্রযুক্তি ও বিজ্ঞানের সুবিধা শিল্প, চিকিৎসা, কৃষি এবং জ্বালানি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে দেশটির সক্ষমতা বজায় রাখা প্রয়োজন।
জকার বলেন, ইরানের ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রয়োজন নেই—এমন দাবি মূলত ইরানের প্রতিপক্ষদের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষায় ইরানকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের জন্য কেবল একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি দেশটির অধিকার ও জাতীয় সক্ষমতার অংশ।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দেশটির সঙ্গে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে হলেও, সাধারণ বেসামরিক পারমাণবিক জ্বালানি উৎপাদনে ব্যবহৃত প্রচলিত সমৃদ্ধকরণ মাত্রার তুলনায় এটি অনেক বেশি।
ফলে ইরানের এই অবস্থান দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও কূটনৈতিক আলোচনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন