ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রী দুই পা হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।
স্টেশন সূত্রে জানা যায়, স্টেশনে বিরতির পর ট্রেনটি আবার চলতে শুরু করলে রাবেয়া ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়।
রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি জানান, রাবেয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন