চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ও বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ করে আসছেন স্থানীয়রা। এসব পথ ব্যবহার করে দুই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এবার মাদক নির্মূলে স্থানীয় ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন পটিয়া ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পটিয়ার কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকার একটি স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান মন্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পটিয়া থানার ওসি জিয়াউল হক ও বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, পটিয়ায় মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিনই অভিযান চলছে এবং কেলিশহরসহ পুরো পটিয়ায় নজরদারি রয়েছে।
তিনি বলেন, তরুণ ও যুবসমাজ মাদকের বিরুদ্ধে এগিয়ে এলে পটিয়াকে মাদকমুক্ত করা সম্ভব। এ জন্য মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলাকালে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। মাদকের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের কারণে কেলিশহর ও করলডেঙ্গাসহ দুই উপজেলার তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনলাইন জুয়ার আসক্তিও বাড়ছে, যার ফলে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন