ত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার কিছু এলাকায় তিস্তার পানি সতর্কসীমা বা ওয়ার্নিং লেভেলে পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১১ মিটার। এটি বিপৎসীমার ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ৪ সেন্টিমিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।
ভারতের জলপাইগুড়ি এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়েছে। গজলডোবা ব্যারাজ থেকেও দফায় দফায় পানি ছাড়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৬টায় কালীঝোরা ব্যারাজ থেকে ২ হাজার ৭৬৮ কিউমেক এবং গজলডোবা ব্যারাজ থেকে ২ হাজার ৩৭৫ কিউমেক পানি ছাড়া হয়। এর প্রভাবে বাংলাদেশের অংশে তিস্তার পানি দ্রুত বাড়ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি সমতল বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী দুই দিন বাড়তে পারে। এরপর পানি কমার সম্ভাবনা রয়েছে। দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী দুই দিন দেশের অভ্যন্তর ও উজান এলাকায়ও মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিস্তাপাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। রংপুরের গঙ্গাচড়ার চর ইচলি এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন, এবার বড় ধরনের স্থায়ী বন্যা হয়নি। তবে নদীর পানি যেভাবে বাড়ছে, তাতে বড় বন্যার আশঙ্কা করছেন তারা।
প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে তিস্তা অববাহিকায় বন্যার প্রবণতা দেখা যায়। এবারও সেই আশঙ্কায় নদীসংলগ্ন এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন