সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে এ ইউনিট পরিচালিত হবে। প্রয়োজন হলে এ জন্য নতুন পদও সৃষ্টি করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, নতুন ইউনিটের শাখা মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে আধুনিক সরঞ্জাম এবং সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার অপরাধের যেসব ঘটনা জটিল, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত করা হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ সম্ভব এমন বিষয়গুলো সেখানেই নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশের সাইবার সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর আগে ২১ সেপ্টেম্বরও তিনি জানিয়েছিলেন, থানা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তুলে সতর্ক করেন। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে চলতি বছরের পুলিশ পদক অনুষ্ঠানে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন