আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য গঠিত কমিটির কার্যক্রমকে বিচারিক কাজ হিসেবে গণ্য করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন।
এর আগে নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন দুই যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন সিভিল জজকে নিয়ে তিনটি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১এ ও ৯১এএ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসব কমিটি গঠন করা হয়।
কমিটিগুলো নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট আইনের আওতায় নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার দায়িত্ব পেয়েছেন ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা। রুহিয়া উপজেলার দায়িত্ব দেওয়া হয়েছে ঠাকুরগাঁওয়ের সিভিল জজ মো. তোসিকুল আলমকে। আর ভূল্লী উপজেলার দায়িত্ব পালন করবেন রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ দেওয়ান মনিরুজ্জামান।
নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এ সময়ে কোনো নির্বাচন-পূর্ব অনিয়মের ঘটনা ঘটলে তা অনুসন্ধান করে তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন