বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উদযাপিত হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
পরে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে মধু, মধু মিশ্রিত পায়েশ, বিভিন্ন ধরনের ফল ও ছোয়াইং (আহার) দান করেন পুণ্যার্থীরা। এ সময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ কেতু মহাথের এবং উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের পঞ্চশীল প্রদান করেন।
বিহারে সমবেত বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভান্তেদের ধর্মদেশনা শ্রবণ করেন। পরে পরিবার, বাবা-মা, গুরুজন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনায় অংশ নেন তারা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, গৌতম বুদ্ধ পারিলেয়া বনে বর্ষাবাস পালনকালে একটি হাতিকে প্রতিদিন বিভিন্ন ফল ও ফুল দিয়ে বুদ্ধের সেবা করতে দেখেন একটি বানর। এতে বানরটির মনে বুদ্ধের প্রতি ভক্তি জাগে। পরে সেটি বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করে।
এই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ধর্মীয় মর্যাদায় মধু পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন