বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময় জনগণের পাশে ছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছে। তার দাবি, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, আর বিএনপি তা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি আপসহীন আন্দোলনের কারণে দেশের মানুষের কাছ থেকে বারবার সম্মান ও সমর্থন পেয়েছে। তার ভাষ্য, ১৯৭৫ সালের জানুয়ারিতে দেশের রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে জিয়াউর রহমানের সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ১৯৮২ সালে এরশাদ ক্ষমতা দখলের পর আবারও স্বৈরশাসন শুরু হয়। ওই সময় কিছু রাজনৈতিক দল এরশাদের সঙ্গে সমঝোতা করলেও বিএনপি আপসহীন আন্দোলন অব্যাহত রাখে। তার দাবি, ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াত অংশ নিলেও বিএনপি তাতে অংশ নেয়নি।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের সঙ্গে আপস না করার কারণেই ১৯৯১ সালের নির্বাচনে মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। তিনি আরও দাবি করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমাদ, শাম্মি আক্তার, হেলেন জেরিন খানসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন