কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় যান। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ প্রয়োগ করেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০) এবং বিএনপি সমর্থক মেহেরুল ইসলাম (৪৫) ও শহীদুল ইসলাম (৫৩) আটক হন।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মুচলেকা নেওয়া হয় এবং উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন