রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয়ে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনার সময় পুলিশ যথাসময়ে সেখানে পৌঁছেছিল কি না এবং কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডিএমপি কমিশনার জানান, বিষয়টি তদন্তে দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে কমিশনার বলেন, কার্যালয়টি ভাঙচুর করতে আধা ঘণ্টা বা এক ঘণ্টার মতো সময়ের চেয়ে বেশি সময় লেগেছে বলে তার ধারণা হয়েছে। অর্থাৎ ঘটনাটি তাৎক্ষণিকভাবে নয়, কিছুটা সময় নিয়ে ঘটানো হয়েছে বলে তিনি মনে করছেন।
তিনি আরও জানান, ঘটনার পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলায় নাম থাকা আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পেছনে কোনো রাজনৈতিক প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা মত বিবেচনা করবে না; অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরই আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা দখলদারত্ব বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন