ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা কমিয়ে ৩ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগে এ নিবন্ধন কার্যক্রম ৮ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশের অভ্যন্তরের পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রম ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর এসব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি গত ১০ সেপ্টেম্বর এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন