মহালয়া উপলক্ষে দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
মহালয়া উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মিঠুন চৌধুরী বলেন, মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক উপলক্ষ। এর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা ধ্বনিত হয়। মহালয়ার চেতনা মানুষের মধ্যে শুভবোধ, ন্যায়, কল্যাণ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এটাই তাঁর প্রত্যাশা।
তিনি বলেন, “বাংলাদেশ আমাদের সবার দেশ। ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু দেশের প্রতি ভালোবাসা, নাগরিক অধিকার এবং শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার সবার সমান। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
বিজেপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা শুধু উৎসবকেন্দ্রিক কোনো বিষয় নয়; এটি একটি ধারাবাহিক সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং অন্যের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
মহালয়ার এই শুভক্ষণে মিঠুন চৌধুরী অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয় এবং সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন