ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ছাত্রলীগের মিছিলে তাঁর অংশগ্রহণের একটি ছবি সামনে আসার প্রসঙ্গ তুলে তাঁকে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নুরুল হক নুর বলেন, তাঁদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাধা দেওয়ার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতেন। সেই মিছিলের একটি ছবিতে লাল কালি দিয়ে চিহ্নিত এক ব্যক্তিকে সাদিক কায়েম হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে আব্দুল কাদেরের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
নুরুল হক নুর বলেন, তাঁরা আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মিছিল করেছিলেন। তাঁর অভিযোগ, সে সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কর্মসূচি প্রতিহত করতে আসতেন। অথচ গণ-অভ্যুত্থানের পর কেউ কেউ নিজেদের বিপ্লবী হিসেবে উপস্থাপন করছেন বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত-শিবিরের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা
বক্তব্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন নুরুল হক নুর। তাঁর অভিযোগ, এসব সংগঠন মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন পরিস্থিতিতে সহায়তার ঘটনাকে নিজেদের পক্ষে প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের বক্তব্যের প্রতিক্রিয়া জানানোকে তাঁরা জরুরি মনে করেন না। একই সঙ্গে গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসব রাজনৈতিক কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।
ওসমান হাদির প্রসঙ্গেও কথা বলেন নুর
বক্তব্যে ওসমান হাদির প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, হাদি নিজের বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের মাধ্যমে দেশের লাখো তরুণের মন জয় করতে পেরেছিলেন। বিশেষ করে জুলাইয়ের ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার বিষয়ে তিনি আলোচনা করতেন বলে উল্লেখ করেন নুর।
তাঁর ভাষ্য, দেশের রাজনৈতিক ও ভৌগোলিক সমস্যাগুলো নিয়ে ওসমান হাদি জোরালো বক্তব্য দিতেন, যা অনেকের বক্তব্যে উঠে আসত না। তবে গণ-অভ্যুত্থানের পর অনেক পরিচিত ছাত্রনেতা রাজনৈতিক সংগঠন গোছানোর পরিবর্তে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বলেও মন্তব্য করেন তিনি।
নজরুলের সমাধির পাশে ওসমান হাদির দাফন নিয়ে মন্তব্য
ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার বিষয়েও মন্তব্য করেন নুরুল হক নুর। তিনি বলেন, টেলিভিশনের টক শোতে এ বিষয়ে আগেও কথা বলেছেন। তাঁর মতে, ভবিষ্যতে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং প্রয়োজনে ওসমান হাদির জন্য পৃথক সমাধিস্থল নির্ধারণ করা যেত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন