নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজিত দুটি দ্বিতল বিআরটিসি বাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে বাস দুটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য। নতুন বাস দুটি চালুর ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে আরও সুবিধা পাবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে শুধু শ্রেণিকক্ষ, গবেষণাগার কিংবা আবাসন সুবিধা নিশ্চিত করাই যথেষ্ট নয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
উপাচার্য আরও বলেন, নতুন দুটি বাস শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবির পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নোয়াখালী শাখার ব্যবস্থাপক রাজু মোল্লা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন