দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের লক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করবেন বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কর্মসূচি শুরু হবে। এরপর পর্যায়ক্রমে তিনি রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির পরিদর্শন করবেন।
কর্মসূচিতে বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। মন্দির পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং সহাবস্থানের বার্তা তুলে ধরা হবে।
পরিদর্শনের সম্ভাব্য তালিকায় রয়েছে সিদ্ধেশ্বরী কালীমন্দির, রমনা কালীমন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, রামকৃষ্ণ মন্দির এবং স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
বাংলাদেশ জনতা পার্টি বিশ্বাস করে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা জোরদারের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক আস্থা ও সহাবস্থানের বার্তা তুলে ধরতে চায় দলটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন