ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। আসন্ন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় তিনি বলেন, ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।
সম্প্রতি ভারতের পাটনায় সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে এ মন্তব্য করেন সানি দেওল।
তিনি বলেন, দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে ছিল অভিন্ন ইতিহাস ও আত্মীয়তার বন্ধন। তাঁর বাবার বক্তব্যেও দুই দেশের মানুষের সেই গভীর সম্পর্কের বিষয়টি উঠে এসেছিল। দেশভাগের পর রাজনৈতিকভাবে দুই দেশ আলাদা হলেও মানুষের মধ্যে ঐতিহাসিক ও আবেগের যোগসূত্র এখনো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে দূরে রেখে সানি দেওল বলেন, একজন শিল্পীর কাজ গল্প বলা, রাজনীতি করা নয়। অভিনেতারা একটি গল্প পছন্দ করেন এবং সেটি পর্দায় তুলে ধরেন। সেই গল্পকে রাজনৈতিক বিতর্কের সঙ্গে জড়ানো তাদের উদ্দেশ্য নয়।
তিনি আরও বলেন, দেশভাগ নানা জটিল পরিস্থিতির জন্ম দিয়েছিল। তবে শিল্পীদের কাজ হলো সেই সময়ের মানুষের আবেগ, সম্পর্ক ও মানবিকতার গল্প তুলে ধরা।
সানি দেওলের নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে লেখক আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’-এর কাহিনি অবলম্বনে।
১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্পে দেখা যায়, একটি মুসলিম পরিবার লাহোরে একটি হাভেলি বরাদ্দ পায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, একজন বৃদ্ধ হিন্দু বিধবা এখনো সেই বাড়িতে বসবাস করছেন এবং কোনোভাবেই নিজের ভিটেমাটি ছাড়তে রাজি নন। এই ঘটনাকে ঘিরে তৈরি হয় মানবিক টানাপোড়েন।
সিনেমাটিতে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং। আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
পাটনার প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলের ‘ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন