লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাইকারটারী এলাকায় মৃত বাবার এসএসসি সার্টিফিকেট আত্মসাৎ করে পুলিশ বাহিনীতে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৩৮ বছর চাকরিতে কর্মরত থাকার পর আইনি অভিযোগের মুখে ওই পুলিশ কর্মকর্তাকে বর্তমানে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শশী মোহন রায়। তিনি মানিক চন্দ্র রায়ের পিতা মৃত নীলকান্ত রায়ের এসএসসি সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র আত্মসাৎ করে পুলিশ বাহিনীতে চাকরি নেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু সার্টিফিকেট আত্মসাৎ করেই ক্ষান্ত হননি, অভিযুক্ত ব্যক্তি ওই পরিবারের জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন বলেও জানা গেছে।
স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ফল না পাওয়ায় কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে তদন্ত শুরু হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে পুলিশ বাহিনীতে চাকরি করে আসছিলেন। বিষয়টি ফাঁস হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন পর আইনি আশ্রয় নিলেও প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করতে জেলা পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। জোরপূর্বক দখলকৃত জমি উদ্ধারেও আইনি উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযোগের বিষয়ে শশী মোহন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার দুটি নামের একটি নীলকান্ত রায় এবং এই নামের কাগজপত্র দিয়েই তিনি পুলিশ বাহিনীতে চাকরি নিয়েছেন। তিনি আরও দাবি করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে হয়ত তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, নীলকান্ত রায় ছিলেন শশী মোহন রায়ের প্রতিবেশী এবং তিনি নীলকান্ত রায়ের সার্টিফিকেট ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে চাকরি নিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান থাকায় আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন