নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনের সময় ছাদের পলেস্তারা ধসে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে অকেজো হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ডিউটি অফিসার হিসেবে থানার এএসআই মো. মসলিম উদ্দিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা ধসে তার টেবিলের ওপর পড়ে। এতে তিনি আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ‘ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় হঠাৎ কক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে আমার কাঁধে আঘাত পেয়েছি। থানার পুলিশি কার্যক্রমে ব্যবহৃত সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। দ্রুত সময়ের মধ্যে কক্ষটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন