বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একাংশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাইপাস সড়ক এলাকায় হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়কের কিছু অংশ অতিক্রম করার পর দ্রুত শেষ হয়ে যায়।
ঘটনার বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন