রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।
ওসি জানান, শনিবার রিধিকার মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রিধির প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি নিশ্চিত হতে তদন্ত চলছে।
মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন