খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, জেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের শহীদের মোড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জয় ঢালী দুর্জনী মহল গ্রামের আক্তার ঢালীর ছেলে। তার একটি মাছের ঘের রয়েছে এবং তিনি নিজেই সেটির দেখাশোনা করতেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, শনিবার সন্ধ্যা থেকে জয় ঢালী শহীদের মোড়ের লিটুর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে এসে তার সঙ্গে কথা বলতে শুরু করেন।
একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর বাম পায়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই জয় ঢালীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত জয় ঢালী খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য ছিলেন। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই জয় ঢালীকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন