ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টার দিকে সীমান্তের ৬১/১২ আর পিলার সংলগ্ন গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে।
তবে সীমান্ত অতিক্রমের আগেই বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা বিষয়টি দেখতে পান। পরে বিজিবি সদস্যরা তীব্র বাধা ও শক্ত অবস্থান নিলে বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দিতে ব্যর্থ হয়।
বিজিবি জানায়, পুশইনের চেষ্টা করা চার ব্যক্তি বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, “সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন