সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় তালা উপজেলা একাদশকে ৫-২ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে সাতক্ষীরা সদর উপজেলা একাদশ। দলের হয়ে বিদেশি খেলোয়াড় বুয়েটিং একাই চারটি গোল করে জয়ে বড় ভূমিকা রাখেন।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সদর উপজেলা একাদশ ও তালা উপজেলা দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচের ১৪ মিনিটে সদর উপজেলা একাদশের শাহিনের লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে বিদেশি খেলোয়াড় বুয়েটিং গোল করে দলকে এগিয়ে দেন।
এর এক মিনিট পর, অর্থাৎ ১৫ মিনিটে তালা উপজেলা দলের অধিনায়কের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে গোল করেন বুয়েটিং। এতে সদর উপজেলা ২-০ গোলে এগিয়ে যায় এবং বুয়েটিং নিজের জোড়া গোল পূর্ণ করেন।
৩৫ মিনিটে তালা উপজেলা পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করলেও সদর উপজেলার গোলরক্ষক জাহাঙ্গীর দারুণ দক্ষতায় বিদেশি খেলোয়াড় ইদ্রিসের হেড ঠেকিয়ে দেন।
খেলার ৪০ মিনিটে আবারও গোল করেন বুয়েটিং। গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়িয়ে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন। ফলে সদর উপজেলা একাদশ ৩-০ গোলে এগিয়ে যায়।
এরপর তৃতীয় গোলের পর তালা উপজেলা দলের ম্যানেজমেন্টের সঙ্গে রেফারির কথা-কাটাকাটির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকে। প্রায় ২০ মিনিট পর আবার খেলা শুরু হয়।
প্রথমার্ধের শেষদিকে সদর উপজেলার ডি-বক্সে তালা উপজেলার শামিমকে ফাউল করা হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তালার বিদেশি খেলোয়াড় এ্যানিস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণে যায় তালা উপজেলা। তবে সদর উপজেলার আক্রমণও অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে নিজের চতুর্থ গোল করেন বুয়েটিং। এতে সদর উপজেলা ৪-১ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের ৮৫ মিনিটে তালা উপজেলার বিদেশি খেলোয়াড় ইদ্রিস দৃষ্টিনন্দন কর্নার কিক থেকে সরাসরি গোল করে ব্যবধান ৪-২ করেন।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সদর উপজেলার বিদেশি খেলোয়াড় সিদ্দিক গোল করলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সদর উপজেলা একাদশের।
এই জয়ের ফলে সদর উপজেলা একাদশ সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ম্যাচ পরিচালনা করেন রেফারি মুর্শিদি এলাহি বাবু। তাঁর সহকারী ছিলেন মোজাফফর হোসেন সোহাগ ও ইলিয়াস হোসেন। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জাফরুল হক শাম্মু চৌধুরী।
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দেবহাটা উপজেলা একাদশের মুখোমুখি হবে আশাশুনি উপজেলা দল।
এর আগে শ্যামনগর উপজেলা একাদশ ২-১ গোলে কলারোয়া উপজেলা একাদশকে এবং কালিগঞ্জ উপজেলা দল ৩-০ গোলে সাতক্ষীরা পৌরসভা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন