ইতালির রোমে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগে সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জেমসের বিজনেস ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি অভিযোগটিকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হোয়াটসঅ্যাপে কালবেলার সঙ্গে আলাপকালে রবিন বলেন, জেমস ও তার দলের সদস্যরা মোট চারটি কক্ষে অবস্থান করছিলেন। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে এবং রবিন ছিলেন ২৪৬ নম্বর কক্ষে। হোটেল কর্তৃপক্ষ যে ৫৪৯ নম্বর কক্ষ নোংরা অবস্থায় পাওয়ার অভিযোগ করেছে, সেখানে দলের একজন মিউজিশিয়ান ছিলেন বলে জানান তিনি।
রবিন বলেন, “জেমস ওই কক্ষে ছিলেন না। তাই একজনের কক্ষের অবস্থার দায়ভার জেমসের ওপর বর্তায় না।”
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, গত ১৯ আগস্ট অতিথিরা চলে যাওয়ার পর কক্ষগুলো, বিশেষ করে ৫৪৯ নম্বর কক্ষ, অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে বলেও জানায় হোটেল কর্তৃপক্ষ।
তবে জরিমানার বিষয়টি হোটেল কর্তৃপক্ষের অভিযোগ মাত্র বলে দাবি করেন রবিন। তার ভাষ্য, তারা নিয়ম মেনেই হোটেলের চাবি জমা দিয়ে চলে এসেছেন।
হোটেলের নিয়ম না মেনে বা রিসেপশনে যোগাযোগ না করে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। রবিন বলেন, এমনটি হলে হোটেল কর্তৃপক্ষ তাদের আটকে দিত। এ সময় দলের সদস্যদের পাসপোর্টও হোটেল কর্তৃপক্ষের কাছে ছিল বলে জানান তিনি।
জেমস ও তার দলের বিদায়ের সময় কোনো আয়োজক উপস্থিত ছিলেন না বলেও জানান রবিন। তার দাবি, উপস্থিত ভক্তরাই তাদের বিদায় জানিয়েছেন।
রোমের ‘হোটেল অ্যান্ড রেসিডেন্স আই ট্রায়াঙ্গোলি’ থেকে জেমস ও তার দলের বুক করা চারটি অ্যাপার্টমেন্টের অবস্থা নিয়ে আয়োজক মোয়াজকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে অভিযোগটি সামনে আসে।
ওই ই-মেইলে হোটেল কর্তৃপক্ষ দাবি করে, অতিথিরা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই হোটেল ত্যাগ করেছেন। একটি কক্ষের অবস্থা ‘ভয়াবহ’ উল্লেখ করে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য জরিমানার কথাও জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন