হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দুষ্কৃতকারীরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন