ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএনসি।
ডিএনসি জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয় অধিদপ্তরের একটি বিশেষ দল। সহকারী পরিচালক আবু সাঈদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসা ৪৮ বছর বয়সী আব্দুল কাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
ট্রলি ব্যাগ থেকে কুশ উদ্ধার
পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড়ের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি কুশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ এবং ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তির সহযোগিতায় তার থাকার ব্যবস্থা এবং মাদক পাচারে সহায়তার পরিকল্পনা ছিল।
ভারতের কর্ণাটকের বাসিন্দা
আব্দুল কাদের ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি জব্দ করেছিল ডিএনসি।
ডিএনসি জানিয়েছে, ওই ঘটনাতেও থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যবহৃত হয়েছিল। ঘটনায় ২৮ বছর বয়সী আকাশ দুবে ও ৩৪ বছর বয়সী আকাশ পান্ডে নামে দুই ব্যক্তি পলাতক রয়েছেন। তারা দুজনই ভারতের কলকাতার গন্ডালপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি।
ওই ঘটনায়ও বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন